Thursday, November 6, 2014

কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে চার আইনজীবী

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তাঁর চারজন আইনজীবী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ওই চারজন আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেন। তাঁরা হলেন শিশির মনির, মতিউর রহমান আকন্দ, এহসান এ সিদ্দিক ও মসিউল আলম।
কারাগারের ভেতরে যাওয়ার আগে শিশির মনির বলেন, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করার ব্যাপারে কামারুজ্জামানের সঙ্গে আলোচনা করতে তাঁরা কারাগারে যাচ্ছেন।
এর আগে গতকাল বুধবার সকালে কামারুজ্জামানের স্ত্রী, ছেলেমেয়েসহ পরিবারের ১০ জন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
গতকাল বিকেলে গুলশানে নিজ বাসভবনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় আছে, সেখানে রিভিউ পিটিশন ডিসমিস হয়েছে, সেটা ধরে নিয়ে আমাকে আদেশ দিতে হবে জেল কর্তৃপক্ষকে, তাদের প্রস্তুতির ব্যাপারে, আমি সেই আদেশ দিয়েছি।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে ৩ নভেম্বর আপিল বিভাগ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এরপর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার দুপুরে কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
একাত্তরের কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সংগঠক ছিলেন কামারুজ্জামান।
রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলায় ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ৪ জুন ট্রাইব্যুনাল-২ তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন। গত বছরের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দিলে ৬ জুন তিনি উচ্চ আদালতে আপিল করেন।

No comments:

Post a Comment