Friday, July 25, 2014

বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা

তিন মাসের বেতন ও ঈদের বোনাসের দাবিতে তোবা গ্রুপের পাঁচ কারখানার কয়েক শ পোশাকশ্রমিক রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রেখেছেন।
আজ বুধবার বেলা দেড়টার দিকে তোবা গ্রুপের উত্তর বাড্ডার তোবা ফ্যাশন, বুকশান গার্মেন্টস, তোবা টেক্সটাইল, পাইপ ডিজাইন ও মিতা ডিজাইনের শ্রমিকেরা তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর ভবনের সামনে অবস্থান নেন। তাঁরা বিজিএমইএ ভবনের প্রধান ফটক দিয়ে কাউকে ঢুকতে ও বেরোতে দিচ্ছেন না।
তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন কারাগারে আছেন। এই গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে ২০১২ সালে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন।
তোবা ফ্যাশনের শ্রমিক রেশমা আক্তার বলেন, ‘গত মে, জুন ও চলতি জুলাই মাসের বেতন পাইনি। বোনাসের কোনো খোঁজ নেই। মালিক জেল থেকে বের না হলে বেতন-ভাতা দেওয়া হবে না বলে কারখানার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন।’
এদিকে বেলা দুইটার দিকে মিরপুরের ফোর উইংস কারখানার শ্রমিকেরাও একই দাবিতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন। সম্প্রতি কারখানাটি বন্ধ হলেও শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়নি।

No comments:

Post a Comment