Sunday, November 23, 2014

আপিল দাখিল নিজামীর

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল দাখিল করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। আজ বৃহস্পতিবার দুপুরে আপিলটি দাখিল করা হয়।
আপিলে আসামির সাজা বাতিল ও খালাস চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নিজামীর আইনজীবী তাজুল ইসলাম। তিনি বলেন, ১৪ খণ্ডের আপিলে মোট পৃষ্ঠাসংখ্যা ছয় হাজার ২৫২। এতে ১৬৮টি যুক্তি তুলে ধরা হয়েছে।
মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গত ২৯ অক্টোবর এ রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। মামলার কার্যক্রম শেষ হওয়ার প্রায় এক বছর পর ওই রায় দেওয়া হয়।
নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই অপরাধগুলোর মধ্যে ছিল হত্যা, নারী ধর্ষণ, নিপীড়ন ও বিতাড়নের মতো মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সক্রিয় অংশগ্রহণ এবং বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার জন্য চালানো হত্যাকাণ্ড।
১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সহযোগিতা করার দায়ে নিজামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি আটটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাঁকে খালাস দেন ট্রাইব্যুনাল।

No comments:

Post a Comment