Saturday, November 15, 2014

এগিয়ে নিচ্ছেন তামিম–মুমিনুল

দিনের শুরুতেই ইমরুল কায়েসকে হারানোর ধাক্কা সামলে ওঠার চেষ্টায় আছে বাংলাদেশ। ধাক্কা সামলানোর এই প্রচেষ্টায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। মুমিনুল হককে সঙ্গী করে তামিম চট্টগ্রামে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন জয়ের। চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৪। জিম্বাবুয়ের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের রানের পার্থক্য ২৫৩। 
জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে আজ চতুর্থ দিনের শুরু থেকেই একটি জড়তার মধ্যে ছিলেন ইমরুল কায়েস। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইমরুল সাজঘরে ফেলেন তিনাশে পানিয়াঙ্গারার অফস্টাম্পের বাইরের একটি বলে খোঁচা মেরে। তিনি যখন ফিরছিলেন স্কোরবোর্ডে তাঁর নামের পাশে লেখা ছিল ১৫ রান।
ব্যাট হাতে নিজেকে পুরোপুরি বদলে ফেলা তামিম দ্বিতীয় ইনিংসেও দলের নির্ভরতার প্রতীক। কোনো উল্টোপাল্টা শট নেই, নেই কোনো তাড়াহুড়ো। স্কোরবোর্ডে নিজের নামের পাশে ইতিমধ্যেই তামিম লিখে ফেলেছেন ৫১ রান। ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই টেস্টে সেঞ্চুরির পর ফিফটিও তুলে নিলেন তামিম। এখনো পর্যন্ত ১২২ বল মোকাবিলা করা তামিমকে আরও একটি বড় ইনিংসের ক্ষেত্রটা কিন্তু প্রস্তুত করেই ফেলেছেন।
তামিমের সঙ্গী মুমিনুলও কম যান না। ​ব্যক্তিগত রানে তিনি অবশ্য এগিয়ে আছেন তামিমের চেয়েও। তাঁর সংগ্রহ ৫৪। টেস্ট ক্রিকেটে আরও একটি ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল। তিনি কী পারবেন তাঁর এই সংগ্রহকে তিন অঙ্কে নিয়ে যেতে?

No comments:

Post a Comment