Saturday, October 25, 2014

আ.লীগ কার্যালয়ে সৈনিক লীগ নেতা খুন

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতা খুন হয়েছেন। পুলিশের ভাষ্য, দলীয় কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৈনিক লীগের বিরোধী পক্ষের সদস্যরা তাঁকে হত্যা করেছে।
নিহত ব্যক্তির নাম শিমুল হক রেহান (৩৩)। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির আহ্বায়ক ও জেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি ছিলেন। রেহান বগুড়া শহরের চকলোকমান এলাকার আবদুস সাত্তারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে জানান, বগুড়া শহরের সাতমাথা টেম্পল সড়কে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় অবস্থিত। এ কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সব সংগঠনের নেতা-কর্মীরা বসেন। সম্প্রতি সৈনিক লীগের নতুন কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পর থেকেই কার্যালয়ে বসা নিয়ে সৈনিক লীগের দুটি পক্ষের বিরোধ চলছিল। আজ সন্ধ্যা ছয়টার দিকে শিমুলের বিরোধী পক্ষ সবুজ সওদাগরের পক্ষের কর্মীরা কার্যালয়ের ফটকের বাইরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক রেহানকে মৃত ঘোষণা করেন।
টিএসআই মঞ্জুরুল ইসলাম আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

No comments:

Post a Comment