Wednesday, October 22, 2014

গোলাম আযমের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি ২ ডিসেম্বর

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বুধবার আপিল শুনানির এই তারিখ ধার্য করেন। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
গোলাম আযমের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির দিন ধার্যের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আসে। আদেশের জন্য বিষয়টি ১ নম্বর ক্রমিকে থাকে। সেই অনুযায়ী প্রথমেই এ বিষয়ে আদেশ দেন আপিল বিভাগ। দিন ধার্য হওয়ায় এখন এ আপিলের ওপর শুনানি শুরু হবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ওই বছরের ৫ আগস্ট আপিল করেন গোলাম আযম। আর সর্বোচ্চ শাস্তি চেয়ে গত বছরের ১২ আগস্ট রাষ্ট্রপক্ষ আপিল করে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানি শেষে চলতি বছর ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ রায় অপেক্ষমাণ রাখেন। একই দিন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন।
গত বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। এই দণ্ড ১২ ডিসেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয়।
আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীম মৃত্যুবরণ করায় তাঁর আপিল গত ১৬ সেপ্টেম্বর অকার্যকর ঘোষণা করেন আপিল বিভাগ।

No comments:

Post a Comment