Wednesday, September 10, 2014

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হামলা, আহত ১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহন করা দুটি বাসে ককটেল ও পাথর ছোড়ার ঘটনায় শিক্ষকসহ ১৪ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে হাটহাজারী থানার নন্দিরহাটের বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন শিক্ষক সোনম আক্তার, ফাতেমাতুজজোহরা, সাবরিনা আলম, সৈয়দা হালিমা বেগম, শিরিন আক্তার, আশরাফুজ্জামান, শ্রাবন্তী সাহা, সুনন্দা এবং ছাত্রী অমৃতা নাথ।
ওই বাসের যাত্রী প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এইচ এম কামরুল হাসানের ভাষ্য, আজ সকালে শিক্ষকদের বহনকারী তিনটি বাস একসঙ্গে চট্টগ্রাম শহর থেকে রওনা হয়। বালুরটাল এলাকায় পৌঁছালে দুটি বাসে অতর্কিতে ককটেল ও পাথর ছোড়া হয়। এ সময় তিনটি বাসই দ্রুত স্থানত্যাগ করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী প্রথম আলোকে জানান, এ ঘটনায় শিক্ষকসহ ১৪ জন আহত হন। তাঁদের মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘যেহেতু শিবির বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে, তাই ধারণা করা হচ্ছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।’

No comments:

Post a Comment