Friday, July 25, 2014

এবার আলজেরিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত!

রোহীদের পরিণতি স্পষ্ট নয়


আলজেরিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ গতকাল বৃহস্পতিবার ১১৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। দেশটির বিমান পরিবহন-বিষয়ক কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। আর আলজেরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড়োজাহাজটি মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। কিন্তু অন্য কোনো সংবাদমাধ্যম বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে গত এক সপ্তাহের মধ্যে বিভিন্নভাবে দুই দেশের দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। খবর এএফপি, বিবিসি ও আল-জাজিরার।
গতকাল এয়ার আলজেরির এএইচ-৫০১৭ নম্বর ফ্লাইটটি বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদগু থেকে যাত্রা করে। গন্তব্য ছিল আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর এর সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
আল-জাজিরা বলেছে, আলজেরিয়ার বিমান পরিবহনবিষয়ক কর্মকর্তারা উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে এ খবর প্রচারের কিছু সময় পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস বলেন, উড়োজাহাজটি সম্ভবত বিধ্বস্ত হয়েছে। কিন্তু ব্যাপক তল্লাশি সত্ত্বেও কোনো ধ্বংসাবশেষ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
শেষ যোগাযোগের সময় উড়োজাহাজটি দুই দেশের মাঝে অবস্থিত দেশ মালির গাও অঞ্চলের আকাশে অবস্থান করছিল। এটি সাহারা মরুভূমির অংশ।
এয়ার আলজেরির এক সূত্র জানায়, উড়োজাহাজটি আলজেরিয়ার আকাশসীমা থেকে খুব দূরে ছিল না। তখন উড়োজাহাজ থেকে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ক্রু সদস্যরা জানান, তাঁরা উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করছেন। কেননা, আবহাওয়া ভালো নয়, দৃষ্টিসীমা খুব কমে এসেছে। এ ছাড়া একই পথে থাকা আরেকটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে পথ পরিবর্তন করা হচ্ছে।
ওই সূত্র আরও জানায়, ক্রু সদস্যদের ওই বার্তার পর গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার রাত একটা ৫৫ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এয়ার আলজেরির এই উড়োজাহাজ ভাড়া নেওয়া হয় স্পেনের সুইফ্ট এয়ারের কাছ থেকে। এক বিবৃতিতে সুইফ্ট এয়ার জানায়, তাদের উড়োজাহাজটি ছিল এমডি-৮৩ (ম্যাক্ডোনাল ডগলাস)। এটি ১৩৫ জনের মতো যাত্রী বহন করতে পারে। উড়োজাহাজটিতে ছয় সদস্যের ক্রুসহ মোট আরোহী ছিলেন ১১৬ জন।
বুরকিনো ফাসোর পরিবহনমন্ত্রী জ্যঁ বার্টিন ওয়েদ্রাগো জানান, উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ফ্রান্সের ৫০ জন, বুরকিনা ফাসোর ২৪, লেবাননের ছয়, কানাডার পাঁচ, আলজেরিয়ার চার, লুক্সেমবুর্গের দুই এবং সুইজারল্যান্ড, নাইজেরিয়া, ক্যামেরুন ও মালির একজন করে নাগরিক ছিলেন বলে জানা গেছে।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফ্রেডারিখ কাভিলারও জানিয়েছেন, উড়োজাহাজটিতে তাঁদের অনেক নাগরিক ছিলেন।
মালির উত্তরাংশে যে অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে দীর্ঘদিন ধরে সশস্ত্র মুসলিম বিদ্রোহীরা সক্রিয়। তাদের দমনে অভিযান চালাচ্ছে আন্তর্জাতিক বাহিনী।
এর আগে গত ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় পড়ে আলজেরিয়ার একটি সামরিক উড়োজাহাজ। খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে সেটি ভূপতিত হয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায়। এতে ৭৮ আরোহীর মধ্যে ৭০ জন নিহত হন।
গত বৃহস্পতিবারই পূর্ব ইউরোপের ইউক্রেনের আকাশে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ২৮৩ জন যাত্রী ও ১৫ জন ক্রু নিয়ে উড়োজাহাজটি নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলছে, রুশপন্থী ইউক্রেনীয় বিদ্রোহীদের অধিকৃত এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এ ছাড়া গত বুধবার তাইওয়ানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট জরুরি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ভূপতিত হয়। এর মোট ৫৮ আরোহীর মধ্যে ৪৮ জনই নিহত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে যাওয়ার পথে গত ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ-৩৭০ নম্বর উড়োজাহাজ। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরসহ বিস্তীর্ণ জল ও স্থলভাগে দীর্ঘ খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত এর কোনো হদিস মেলেনি।

No comments:

Post a Comment