ইরাকের সুন্নি বিদ্রোহীদের দাবি, তারা বাগদাদের উত্তরাঞ্চলের বাইজি এলাকার প্রধান তেল পরিশোধনাগার পুরোপুরি দখলে নিয়েছে। ১০ দিন ধরে তেল শোধনাগারটি জঙ্গিরা দখলে নিতে লড়াই চালাচ্ছিল।
সুন্নি বিদ্রোহীদের একজন মুখপাত্র জানান, সালাউদ্দিন প্রদেশের বাইজি তেল শোধনাগার এখন স্থানীয় আদিবাসী ও প্রশাসকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্রোহীদের ওই মুখপাত্র জানান, বাগদাদে তাদের লড়াই চলবে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বাগদাদের উত্তর ও পশ্চিমাঞ্চল জঙ্গিদের দখলে রয়েছে। জঙ্গিরা ইরাকের দ্বিতীয় বৃহত্ শহর মসুলেরও দখল নিয়েছে। ইরাকের সুন্নি বিদ্রোহীরা দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আরও একটি শহর দখল করেছে। এ নিয়ে গত দুই দিনে তারা আনবারের চতুর্থ শহর দখলে নিল।
গতকাল সোমবার বাগদাদে ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বাগদাদে অনুষ্ঠিত ওই বৈঠকে কেরি মালিকিকে বৃহত্তর অংশীদারত্বমূলক সরকারের জন্য চাপ দেন।
কয়েক দিনের লড়াইয়ের পর জঙ্গিরা গতকাল দেশের উত্তরাঞ্চলের তেল আফার শহর ও বিমানবন্দর দখল করে নিয়েছে। এর আগে পশ্চিমাঞ্চলের প্রায় পুরোটা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। ইরাকের সঙ্গে ইরান ও জর্ডানের সীমান্ত এলাকার নিয়ন্ত্রণও এখন তাদের হাতে।

No comments:
Post a Comment