Tuesday, June 24, 2014

টাঙ্গাইলে সেতু থেকে বাস নদীতে, নিহত ২

টাঙ্গাইলের কালীহাতি উপজেলার পৌলি এলাকায় সেতুর রেলিং ভেঙে বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুজন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ৩৩ জন।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনই পুরুষ। তাঁদের পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাসটি এলানজানি নদীর ওপরে পৌলি সেতুতে যাওয়ার পরে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙে নিচে নদীতে পড়ে যায়। তাত্ক্ষণিকভাবে আশপাশের লোকজন গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে।

বাসটি আনুমানিক ৪০ ফুট নিচে পড়ে গেছে বলে এলাকাবাসী জানান। নদী থেকে উদ্ধারের পরে আহত ৩৫ জন যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দুজন মারা যান। বাকি ৩৩ জনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment