Pages

Saturday, November 15, 2014

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় মালাকা দ্বীপপুঞ্জের কাছে সাগরের তলদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।
রয়টার্সের এক খবরে হাওয়াই দ্বীপে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামি আঘাত হানতে পারে। তবে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
সুনামি সতর্কতা কেন্দ্র আরও জানায়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, জাপানের ওকিনোয়া ও তাইওয়ানে সুনামি আঘাত হানতে পারে।
কেন্দ্রটি সতর্কতা জারি করে আরও বলেছে, আধা ঘণ্টার মধ্যে সুনামি প্রথম দফায় ও ছয় ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে। তবে প্রথম দফার আঘাতটি খুব বেশি শক্তিশালী হবে না।
মালাকা দ্বীপের টেরনাতি থেকে ১৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে সাগরের ৪৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

No comments:

Post a Comment