Pages

Sunday, October 26, 2014

ঢাকা দখল করতে চাইলে পরিণতি ভয়াবহ: মায়া

ঢাকা দখল করতে চাইলে পরিণতি হবে ভয়াবহ এবং ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক গোষ্ঠীর হরতালবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশে করে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আলাল-দুলাল (যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল) দিয়ে যতই ষড়যন্ত্র করেন, কাজ হবে না। আর কত পালিয়ে বেড়াবেন? লুকোচুরি খেলবেন? মামলা থেকে রেহাই পাবেন না। ভাগ্যে যা আছে তা হবেই।’ আজ হরতাল হয়নি দাবি করে মায়া বলেন, ‘হরতাল দিয়ে মামলার হাজিরা থেকে পালিয়ে থাকেন। বাংলাদেশে আর কোনো হরতাল হবে না। আজকেও হরতাল হয়নি। জনজীবন স্বাভাবিক।’
সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি ঢাকায় নাশকতা করতে নামতে চাইলে কঠিন জবাব দেওয়া হবে। তাদের পরিণতি হবে ভয়াবহ। তিনি বলেন, ‘বিএনপিকে আর বাংলাদেশে নাশকতা করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’ তিনি বলেন, বিএনপি ঢাকাকে টার্গেট করে নামার হুমকি দিচ্ছে। তারই অংশ হিসেবে নাশকতার পরিকল্পনাকালে তাদের যুববিষয়ক সম্পাদক আলালসহ ৬৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে খবর এসেছিল, তারা আজকের হরতালে নাশকতা করবে, সে জন্য বৈঠকে বসেছে।
এদিকে লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের সাহায্যে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারের দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা হরতালের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন পয়েন্টে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ-সহযোগী সংগঠনগুলো। সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী মিছিল করেছে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট। একই স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ২৩টি সংগঠন।
বেলা ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী পথসভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এরপর বেলা সাড়ে ১১টায় একই স্থানে হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ। এ ছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ।

No comments:

Post a Comment