মালিকের কাছে চাঁদা না পেয়ে আজ বুধবার এক নির্মাণশ্রমিককে গুলি করেছে দুই সন্ত্রাসী। এতে আহত হন মোহাম্মদ হারুন (৫০) নামের ওই শ্রমিক। সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানান, তাঁর ডান হাঁটু ও বাঁ পায়ের পাতায় গুলি লেগেছে।
চিকিৎসাধীন হারুনের ভাষ্য, তেজগাঁওয়ের ২১৫ তেজকুনিপাড়ায় অ্যাভিনিউ বিল্ডার্সের নির্মাণাধীন ভবনে তিনি রড বাঁধাইয়ের কাজ করেন। সকাল সাড়ে আটটার দিকে দুই যুবক পিস্তল নিয়ে এসে প্রথমে মালিকের খোঁজ করে। একপর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে তাঁর পায়ে ঠেকিয়ে গুলি করেন একজ। এরপর তারা চলে যায়।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক দিন ধরে অ্যাভিনিউ বিল্ডার্সের মালিক আলী আসগরের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তারা ওই শ্রমিককে গুলি করেছে।
এ ব্যাপারে অ্যাভিনিউ বিল্ডার্সের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনার কারণ তিনি জানেন না। শ্রমিকের সুচিকিৎসার চেষ্টা করছেন তিনি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর শুনে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসা শেষে মোহাম্মদ হারুনকে নিয়ে যাওয়া হয়েছে।
No comments:
Post a Comment