Tuesday, June 24, 2014

দীর্ঘ অপেক্ষার পর আজ নিজামীর মামলার রায়


অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে৷ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অপেক্ষমাণ রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হচ্ছে৷
এই রায়ের মধ্য দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে চলা মামলাটির নিষ্পত্তি হবে৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ২০১২ সালের ২৮ মে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়৷ সাক্ষ্য গ্রহণ ও যুক্তি উপস্থাপন শেষে গত বছরের ১৩ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়৷ তবে রায় ঘোষণার আগেই ৩১ ডিসেম্বর অবসরে যান ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর৷ ৫৩ দিন পর বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর পুনর্গঠিত ট্রাইব্যুনাল-১ দ্বিতীয় দফায় মামলার সমাপনী যুক্তি শোনেন৷ ২৪ মার্চ মামলাটি দ্বিতীয় দফায় রায়ের অপেক্ষায় রাখা হয়৷ এর তিন মাস পর আজ রায় ঘোষণা করা হচ্ছে৷
গতকাল সোমবার বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আদেশে বলেন, মঙ্গলবার নিজামীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে৷
ট্রাইব্যুনাল পুনর্গঠন ছাড়াও নিজামীর বিরুদ্ধে মামলাটিতে দীর্ঘসূত্রতার আরও কারণ আছে৷ এই মামলায় সাক্ষ্য গ্রহণই চলেছে প্রায় দেড় বছর৷ এ ছাড়া নিজামী ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি হওয়ায় তাঁকে সপ্তাহে দুই দিন চট্টগ্রামে নিয়ে যাওয়া হতো৷ এ জন্যও এই মামলার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়৷ গত ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে নিজামীসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়৷
মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর সর্বোচ্চ সাজা আশা করছে রাষ্ট্রপক্ষ৷ রাষ্ট্রপক্ষ বলছে, নিজামীর বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো অভিযোগ রয়েছে৷ একাত্তরে পাবনার সাঁথিয়া উপজেলার দুটি গ্রামের প্রায় সাড়ে ৪০০ মানুষকে হত্যা বা রাজধানীর নাখালপাড়ায় পুরাতন এমপি হোস্টেলে আটক মুক্তিযোদ্ধা রুমী, বদি, জালাল, সুরকার আলতাফ মাহমুদ হত্যাকাণ্ডের সঙ্গে নিজামীর সংশ্লিষ্টতা ছিল৷ এ ছাড়া মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে স্থাপিত রাজাকার-আলবদরের ক্যাম্পে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যে নীলনকশা বাস্তবায়িত হয়, তাঁর সঙ্গে নিজামীর সম্পৃক্ততা ছিল৷ রাষ্ট্রপক্ষের দাবি, এসব অভিযোগ তারা প্রমাণ করতে পেরেছে, সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃত্বের জন্য নিজামীর দায়ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে৷ তবে আসামিপক্ষের দািব, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে৷ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এসব অভিযোগ রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যে প্রমাণিত হয়নি৷ এ জন্য নিজামীকে খালাস দেওয়া উচিত৷
রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র৵াপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র৵াব)৷ কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য রাজধানীসহ সারা দেশে প্রায় আট হাজার সদস্য নিয়োজিত থাকবেন৷ সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে৷ এদিকে গতকাল রাত আটটার দিকে নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে৷
১৯৪৩ সালে সাঁথিয়ার মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণকারী নিজামী একাত্তরে নিখিল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন, বর্তমানে ইসলামী ছাত্রশিবির) সভাপতি ছিলেন৷ রাষ্ট্রপক্ষের অভিযোগ, তিনি একাত্তরের কুখ্যাত গুপ্তঘাতক বাহিনী আলবদরের প্রধান ছিলেন৷ ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় নিজামীকে গ্রেপ্তার করা হয়৷ ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷
নিজামীর বিরুদ্ধে মামলার রায়ের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দশম মামলার রায় দেবেন৷ এর আগে ট্রাইব্যুনাল-১ জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বর্তমান নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায় দিয়েছেন৷ এই ট্রাইব্যুনালে বিএনপির নেতা ও ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পলাতক এম এ জাহিদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মামলার রায় অপেক্ষমাণ রয়েছে৷
আর ট্রাইব্যুনাল-২ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, বিএনপির নেতা আবদুল আলীম, জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদ, পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলার রায় দিয়েছেন৷ এই ট্রাইব্যুনালে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার রায় অপেক্ষমাণ রয়েছে৷ মামলা বিচারাধীন অবস্থায় মারা গেছেন জামায়াতের আরেক নায়েবে আমির এ কে এম ইউসুফ৷
ট্রাইব্যুনাল এ পর্যন্ত নয়টি মামলার রায় দিলেও আপিল নিষ্পিত্ত হয়েছে একটির৷ গত বছরের ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কাদের মোল্লার আপিলের রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, মৃত্যুদণ্ডের ওই রায় ১২ ডিসেম্বর কার্যকর হয়৷ সাঈদীর আপিলের শুনানি শেষ হয়েছে গত ১৬ এপ্রিল৷ এর রায় অপেক্ষমাণ রয়েছে৷
এদিকে নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যায় শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সমর্থক অংশ৷ মিছিলটি জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়৷ সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ৩০ লাখ শহীদ ও আড়াই লাখ নির্যাতিতা মা-বোনের প্রতিনিধি বাংলাদেশের জনগণ সঠিক বিচার পাবেন৷’
একই দাবিতে আজ সকাল ১০টা থেকে এই অংশ শাহবাগে অবস্থান নেবে৷
গণজাগরণ মঞ্চের ইমরানবিরোধী অংশ গতকাল বিকেলে শাহবাগে গণ-অবস্থান করেছে৷ আজ সকাল নয়টা থেকে তারা আলাদাভাবে শাহবাগে অবস্থান নেবে বলে তারা জানিয়েছে৷

No comments:

Post a Comment