Tuesday, June 24, 2014

পথশিশুদের জন্য ব্যাংক হিসাব

পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের উপার্জিত অর্থের নিরাপদ সঞ্চয়ের সুযোগ সৃষ্টির জন্য ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদ দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও এনজিওগুলো পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কাজ করছে। এ কার্যক্রমের আওতায় দেশের সুবিধাবঞ্চিত পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরেরা আর্থিক, সামাজিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হবে।
মন্ত্রীর দেওয়া তথ্যমতে, হিসাবধারী যেসব পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরের বয়স ১৮ বছর পূর্ণ হবে, সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর উদ্দেশ্য হলো, শিশুরা যেন নিজেদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে স্বকর্মসংস্থান সৃষ্টি এবং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত্ গড়ে তুলতে পারে।
এ ছাড়া হিসাবধারী পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরেরা যাতে তাদের সঞ্চয় করা অর্থের সদ্ব্যবহার করতে পারে, এ লক্ষ্যে সংশ্লিষ্ট এনজিও এবং ব্যাংক তাদের পরামর্শক হিসেবে সহায়তা প্রদান করবে।
আজ বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এর আগে দিনের কার্যসূচি অনুযায়ী টেবিলে প্রশ্ন-উত্তর উপস্থাপিত হয়।

No comments:

Post a Comment