Pages

Thursday, November 13, 2014

পলাতক জাহিদের বিরুদ্ধে মামলার রায় আজ

মানবতাবিরোধী অপরাধের বিচার

ফরিদপুরের নগর-কান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক এম এ জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার রায় ঘোষণার এ দিন ধার্য করেন। গত ১৭ এপ্রিল এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।
এই ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় আছে। এর মধ্যে ২ জুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের মামলার কার্যক্রম শেষ হয়। আর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মামলার কার্যক্রম শেষ হয় ১৮ সেপ্টেম্বর।
ট্রাইব্যুনাল-২-এ রায়ের অপেক্ষায় রয়েছে একটি মামলা। ২০ আগস্ট এ ট্রাইব্যুনালে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের মামলার কার্যক্রম শেষ হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে নগরকান্দায় ‘খোকন রাজাকার’ নামে বেশি পরিচিত জাহিদ হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের দাবি, জাহিদ হোসেনের বিরুদ্ধে গঠিত ১১টি অভিযোগই তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তবে পলাতক জাহিদ হোসেনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুরের দাবি, এম এ জাহিদ হোসেন এবং খোকন রাজাকার এক ব্যক্তি নন।
এ নিয়ে আসামির অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের তৃতীয় কোনো মামলার বিচার ও রায় হচ্ছে। ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে প্রথম বিচার ও রায় হয় জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলায়। গত বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর গত বছরের ৩ নভেম্বর একাত্তরের দুই আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে নিধনের দায়ে দণ্ডাদেশপ্রাপ্ত এই দুজন মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপরই বিদেশে পালিয়ে যান।
রাষ্ট্রপক্ষ ও তদন্ত সংস্থা জানিয়েছে, জাহিদ হোসেন নগরকান্দা পৌরসভার মেয়র হিসেবে শপথ নেওয়ার পরপরই দেশ ছেড়ে পালিয়ে যান। সর্বশেষ তথ্য অনুসারে, তিনি সুইডেনে আছেন।
১১ অভিযোগ: গত বছরের ১৪ আগস্ট জাহিদ হোসেনকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। পরে ৯ অক্টোবর তাঁর বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। অভিযোগ গঠনের আদেশে বলা হয়, জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার একাত্তরের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত নগরকান্দায় পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত করা, দেশান্তরে বাধ্য করা, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। একাত্তরে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘরে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয়জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০ গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সন্তানসহ সাতজনকে দেশত্যাগে বাধ্য করা প্রভৃতি।
গত বছরের ২১ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তকারী কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৪ জন। আসামিপক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেননি আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

No comments:

Post a Comment