Pages

Saturday, November 8, 2014

জুতায় বৈদেশিক মুদ্রা পাচারের সময় আটক

জুতা ও মোজার ভেতর লুকিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মালয়েশিয়া পাচারের চেষ্টা করার সময় দুজনকে আটক করেছে শুল্ক বিভাগ। গতকাল শুক্রবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। শুল্ক বিভাগের বিভাগের সহকারী কমিশনার জুয়েলা খানমের নেতৃত্বে এ অভিযান চলে।
আটক দুজন হলেন বদিউজ্জামান লস্কর (৩৮) ও জিয়াউল হক (৩০)।
শুল্ক বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, বাংলাদেশের মুদ্রায় আটক করা মুদ্রার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকার।
প্রথম আলোকে দেওয়া ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহবুব-এ-খোদার ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে আটক বদিউজ্জামানের কাছ থেকে ২১ হাজার ৩০০ ইউরো, সাড়ে ২৪ হাজার কাতারের রিয়াল, ১৯২ মালয়েশিয়ান রিংগিত ও বাংলাদেশি ৬০০ টাকা পাওয়া গেছে। দুই পায়ের জুতার ভেতরে বিশেষ কৌশলে এসব মুদ্রা রেখেছিলেন তিনি। গতকাল রাতে মালিন্দা এয়ারওয়েজে করে কুয়ালালামপুর যাচ্ছিলেন বদিউজ্জামান।
মাহবুব-এ-খোদার ভাষ্য, রাত সোয়া দুইটার দিকে আটক বাংলাদেশ বিমানের কুয়ালালামপুরের যাত্রী জিয়াউলের কাছ থেকে সাড়ে ৬২ হাজার সৌদি রিয়াল, ৩২১ রিংগিত ও বাংলাদেশের দুই হাজার ৪০০ টাকা পাওয়া যায়। জিয়াউল তাঁর দুই পায়ের মোজার ভেতর স্কচটেপে মুড়িয়ে এগুলো পাচার করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বদিউজ্জামানের দেওয়া তথ্যের বরাত দিয়ে শুল্ক বিভাগ জানায়, তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তবে তাঁর পাসপোর্টে ঠিকানা ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনের শাহ আলী এলাকা উল্লেখ আছে। আরেক যাত্রী জিয়ার বাড়ি কুমিল্লা জেলায়। এই দুজন প্রায়ই বিভিন্ন দেশে যাতায়াত করে থাকেন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment