Pages

Thursday, October 23, 2014

বার্সেলোনার ‘মানিকজোড়’

ইয়োহান ক্রুইফ ছিলেন সমালোচক দলের পুরোভাগে। গত মৌসুমে যখন নেইমারকে নিয়ে আসে বার্সেলোনা, ডাচ কিংবদন্তি বলেছিলেন, এটা ভুল সিদ্ধান্ত। লিওনেল মেসি থাকার পরেও নেইমারকে কেনায় অসন্তুষ্ট সাবেক বার্সা কোচের মনে হয়েছিল, মেসি-নেইমার জুটিটা জমবে না। কারণ, এক বনে দুই বাঘ থাকতে পারে না।
এখন কি ক্রুইফ তাঁর মতটা বদলাবেন? মেসি-নেইমার জুটি যে শুধু জমে উঠেছে তা-ই নয়, তাঁরা যে এখন বার্সেলোনার ‘মানিকজোড়’! ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে একটা ছোট্ট পরিসংখ্যানে। এ মৌসুমে বার্সেলোনার করা ২৮ গোলের ১৯টিই এই যুগলের। পরশু রাতেও দুই তারার আলোয় আরেকবার আলোকিত ন্যু ক্যাম্প, সুবাদে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা জিতল ৩-১ গোলে। যথারীতি নেইমারকে দিয়ে একটি গোল করিয়েছেন মেসি, নিজেও করেছেন একটি। ম্যাচের পর বলেছেন, ‘এখন আমরা একে অন্যকে আরও বেশি বুঝতে পারি। দলের জন্য গোলও করছি, সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ কে বলেছে এক বনে দুই বাঘ থাকতে পারে না!
আয়াক্সের সঙ্গে ম্যাচেও অবশ্য শনিবারের ‘এল ক্লাসিকো’র কথাটা মাথায় রেখেছিলেন বার্সা কোচ লুইস এনরিকে। জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ঘণ্টা খানেক পর মেসি-নেইমার দুজনকেই তুলে নিয়েছেন। ৭৬ মিনিটে তুলে নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তাকেও। বোঝাই যাচ্ছিল, সান্তিয়াগো বার্নাব্যুর মহারণে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সতেজ রাখতে চাইছেন বার্সা কোচ। তবে লা লিগায় এইবারের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি নাকি বদলি হওয়া, না-হওয়া নিয়ে কোচের সঙ্গে এক দফা মনোমালিন্য হয়ে গেছে মেসির। বার্সা ফরোয়ার্ড অবশ্য এটি উড়িয়ে দিয়েছেন গুঞ্জন হিসেবে, ‘দেখুন, মাঠ থেকে কোন খেলোয়াড় বেরিয়ে যাবে, কে মাঠে ঢুকবে, এটা তো সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত। তিনি যখন ইচ্ছা আমাকে তুলে নিতে পারেন।’ কোচের মতো তাঁরও ভাবনাজুড়ে এখন শুধুই এল ক্লাসিকো। লা লিগায় ২৫০ গোল হয়ে গেছে মেসির। আর মাত্র একটা গোল করলেই ছুঁয়ে ফেলবেন লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তেলমো জারাকে। কিন্তু আর্জেন্টাইন জাদুকরের কাছে নাকি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা জয়, লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়েও অনেক বেশি তৃপ্তির, ‘রেকর্ড আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোতে ভালো খেলা ও জেতা।’
এল ক্লাসিকোতেই খেলার সম্ভাবনা আছে বার্সার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের। বিশ্বকাপে কামড়কাণ্ডের পর নিষেধাজ্ঞা কাটানো সুয়ারেজের প্রথম ম্যাচটাই হতে পারে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে! এ নিয়ে যেন শিহরিত মেসিও, ‘আমরা সত্যিই সুয়ারেজের জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। সে অসাধারণ স্ট্রাইকার, যে অনেক গোল করবে। সে খেললে আমি খুব খুশি হব, কারণ অনেক দিন সে না খেলে কাটিয়েছে।’ এএফপি।

No comments:

Post a Comment