Pages

Sunday, October 26, 2014

আলুর হিমাগারে ডাকাতি, গুলিবিদ্ধ ৬

জয়পুরহাটের কালাই উপজেলায় সাউথ পোল কোল্ড স্টোরেজ লিমিটেড নামের একটি আলুর হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের গুলিতে ওই হিমাগারের শ্রমিকসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতেরা আলমারি ভেঙে সাড়ে ১০ লাখ টাকা লুট করেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার মাতাই ইউনিয়নের বৈরাগীর হাট এলাকার ওই হিমাগারে এ ঘটনা ঘটে। হিমাগারের পরিচালক ফজলে রাব্বির দাবি, ডাকাতেরা হিমাগারের কার্যালয়ের আলমারি ভেঙে সাড়ে ১০ লাখ টাকা নিয়ে গেছে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় গত দুদিনে সংগ্রহ করা টাকা হিমাগারেই রাখা ছিল। ওই টাকা নিতেই ডাকাতেরা আসে বলে তাঁর ধারণা।
গুলিবিদ্ধ ছয়জন হলেন হিমাগারের শ্রমিক শাহ আলম (৩৪), সিরাজুল ইসলাম (৪৩), মোজাম্মেল হক (৩২), ওহিদুল ইসলাম (২৭), ফারজানা বেগম (২৫) ও নিরাপত্তাকর্মী মামুনুর রশিদ। তাঁদের রাত তিনটার দিকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
হিমাগারের মেশিন অপারেটর রবিউল ইসলামের ভাষ্য, রাত সোয়া দুইটার দিকে ১২ থেকে ১৫ জন অস্ত্রধারী ব্যক্তি হিমাগারে ঢোকে। তাদের সবার মুখে মুখোশ ছিল। হিমাগারের পেছনের সীমানাপ্রাচীর টপকে তারা ভেতরে ঢোকে। ওই সময় হিমাগারে শতাধিক শ্রমিক ছিলেন। ডাকাতেরা প্রথমে ফাঁকা গুলি চালায়। এ সময় ভয়ে অনেক শ্রমিক পালিয়ে যান। কয়েকজন শ্রমিক ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা আবার গুলি ছোড়ে। এতে ছয়জন গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনাস্থল থেকে জানান, খোসা থেকে মনে হয় ডাকাতেরা শটগানের গুলি ছুড়েছে। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

No comments:

Post a Comment