Friday, September 19, 2014

বৃষ্টিতে ডুবে গেছে ম্যানিলা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ শুক্রবার সকালে গ্রীষ্মকালীন ঝড় ফুং-ওং বয়ে গেছে। এই ঝড়ের প্রভাবে মুষলধারে নামা বৃষ্টিতে ডুবে গেছে ম্যানিলার রাস্তাঘাট। এতে অচল হয়ে পড়েছে সেখানকার জনজীবন। রাজধানীর সব প্রতিষ্ঠান আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, একটি বড় নদীর পানি কূল ছাপিয়ে পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত করেছে। এ ছাড়া মহানগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও উত্তরাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে।
খবরে জানানো হয়, মুষলধারে নামা বৃষ্টির পানিতে পথঘাটসহ অনেক ঘরবাড়িও ডুবে গেছে। এতে হাজার হাজার মানুষ তাঁদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের দিকে ছুটে চলেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফুং-ওং ঝড়ের কারণে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করা এবং চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
দেশটির সমাজকল্যাণমন্ত্রী কোরাজন সলিমান বলেন, মুষলধারে নামা বৃষ্টির পানিতে বন্যা সৃষ্টি হওয়ার কারণে অন্তত ৫০ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের জন্য ছুটে চলেছেন।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ফুং-ওং ঝড় বয়ে গেছে। এর প্রভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকেই ম্যানিলায় প্রায় ২৬৮ মিলিমিটার বৃষ্টি হচ্ছে।
ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ আজ এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, এই খারাপ আবহাওয়ার কারণে তারা ২১টি অভ্যন্তরীণ ও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।
ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। লাখো মানুষের জীবনে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ।

No comments:

Post a Comment