শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মচারীকে সোনার বার ও মার্কিন ডলারসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার ভোর ছয়টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম আসলাম শেখ (৩৫)। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ইমাম বলে জানিয়েছে এপিবিএন।
আটক হওয়া আসলামের কাছ থেকে ১৮টি সোনার বার ও ১৮ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। এপিবিএনের জ্যেষ্ঠ পুলিশ সুপার মোতাজ্জের হোসেনের নেতৃত্ব একটি দল আসলামকে আটক করে। এপিবিএনের পক্ষ থেকে বলা হয়েছে, আটক হওয়ার সোনার বারের ওজন এক হাজার ৮০০ গ্রাম। দাম ৭১ লাখ টাকা। বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার মার্কিন ডলারের মূল্যমান ১৩ লাখ ৭২ হাজার টাকা।
মোতাজ্জের হোসেন বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার টার্কিস এয়ারওয়েজের একটি বিমানে করে মিসরের রাজধানী কায়রো থেকে ঢাকায় আসেন আসলাম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভোর ছয়টার দিকে দোতলা থেকে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর গায়ে থাকা জোব্বার ভেতরে লুকিয়ে রাখা একটি প্যাকেটের মধ্যে সোনার বার ও ডলারগুলো পাওয়া যায়।
এপিবিএনের ভাষ্য, আসলাম দাবি করেছেন কায়রোর একটি মসজিদে ইমামতির পরীক্ষা দিতে গত মাসে মিসর যান তিনি। সোনা ও ডলারগুলো তাঁর নয়। পারিশ্রমিকের বিনিময়ে বহন করার জন্য অন্য একজন এগুলো তাঁকে দিয়েছেন।
এপিপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, আটক হওয়া আসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
No comments:
Post a Comment