Friday, July 18, 2014

কাল-পরশু আপিল করবেন সাকিব


বিসিবির দেওয়া শাস্তি কমানোর আবেদন করবেন সাকিব আল হাসান। তবে গতকাল পর্যন্ত আবেদনপত্র জমা দেননি। আগামীকাল বা পরশু দিতে পারেন বলে জানিয়েছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।
সাকিবের আপিল করার সুযোগ সব সময়ই আছে—আগের দিন বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেই সূত্র ধরে কাল মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও বললেন, ‘সাকিব বোর্ড সভাপতির সঙ্গে দেখা করেছে। ও ব্যক্তিগতভাবে বোর্ড সভাপতিকে অনুরোধ করেছে শাস্তি কমানোর জন্য। ওকেও আপিল করার জন্য আভাস দেওয়া হয়েছে।’
সাকিবের আপিলের ওপর ভিত্তি করে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে এসব ক্ষেত্রে সভাপতি তাঁর নির্বাহী ক্ষমতাবলে এককভাবেও সিদ্ধান্ত নিতে পারেন। পরের বোর্ড সভায় সেটি অনুমোদন করিয়ে নিলেই হয়। জালাল ইউনুস অবশ্য আরেকটি উপায়ের কথাও বললেন, ‘সভাপতি এটা শৃঙ্খলা কমিটিতে পাঠাতে পারেন। শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিতে পারে।’
যদিও সাকিবকে শাস্তি দেওয়ার আগেই বিষয়টি শৃঙ্খলা কমিটিতে যাওয়া উচিত ছিল মনে করেন অনেকেই। শাস্তির আগে শুনানিতে সাকিবের বক্তব্য শোনা উচিত ছিল এবং শাস্তি হওয়া উচিত ছিল কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে। কিন্তু সাকিবকে শাস্তি দিতে গিয়ে এই নিয়মটি মানেনি বিসিবি।
সাকিবের শাস্তির পেছনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাত দেখেন কেউ কেউ। সে ক্ষেত্রে শাস্তি কমানোর বেলায়ও কোচের একটা ভূমিকা না থেকে পারে না। তবে ব্যাপারটা সে রকম নয় বলেই দাবি জালাল ইউনুসের, ‘এটা কোচের বিষয় নয়। কিছু ধারার ভিত্তিতে বোর্ডই শাস্তিটা দিয়েছে। এখানে কোচের কিছু করার নেই। কোচকে সম্পৃক্ত করার কোনো সুযোগ দেখি না।’

No comments:

Post a Comment