বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে বিভিন্ন ম্যাচের ওপর বাজি ধরেছিলেন তিনি। চড়া সুদে ধার করতেও পিছপা হননি। কিন্তু ভাগ্যে শিকে ছিঁড়েনি। হারের ভারে ক্ষতি গিয়ে দাঁড়ায় তিন হাজার মার্কিন ডলারের (দুই লাখ ৫০ হাজার টাকা) ওপরে। এ যন্ত্রণা থেকে পার পেতে তিনি বেছে নেন আত্মহত্যার পথ।
আজ মঙ্গলবার এএফপির খবরে চীনের ওই কলেজ-ছাত্রের পরিচয় দেওয়া হয়েছে শুধু লিন বলে।
খবরে জানানো হয়, এই জুয়ার টাকা দিতে না পেরে সাততলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন লিন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। আজ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
দ্য ইনফরমেশন টাইমসে প্রকাশিত খবরে জানানো হয়, লিন দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি তাকে বলতে শুনেছি—আমাকে চাপ দিয়ো না। দুই দিন সময় দাও। তোমার টাকাটা ফেরত দেব।’
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘সে ১০ মিনিট ধরে ফোনে কথা বলেছে। আমি তাকে দাঁড়াতে দেখেছি। তারপর এক মুহূর্তের মধ্যেই সে হাওয়া।’
ওই পত্রিকায় প্রকাশিত খবরে আরও বলা হয়, দক্ষিণাঞ্চলের প্রদেশ গুয়াংদং থেকে লিনকে পানইউয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সকেরা তাঁকে বাঁচাতে পারেননি।
লিনের সহপাঠী এক ছাত্র বলেন, ‘আমরা শুনেছি যে সে অনেক টাকা ধার করেছিল। আর সেই ধারের সুদও অনেক বেশি ছিল।’
তবে লিন কোন দলকে সমর্থন করে বাজি ধরেছিলেন, তা জানা যায়নি।চীনে কয়েক লাখ ফুটবলের ভক্ত রয়েছেন। তাঁদের মধ্যে পছন্দের দলকে নিয়ে বাজি ধরা ও জুয়া খেলার প্রবণতা রয়েছে।
No comments:
Post a Comment